শতাব্দীর চরম মানবিক বিপর্যয় করোনার সঙ্গে সম্প্রতি যুক্ত হয়েছে বন্যা। দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল মিলিয়ে অন্তত আঠারো জেলার বিস্তীর্ণ অঞ্চল টানা চার সপ্তাহ ধরে বেনোজলে ভাসছে।
বন্যা ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার আশপাশেও। বন্যায় এ যাবৎ প্রাণ হারিয়েছেন ১০৩ জন এবং নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ।
প্রতি বছর বন্যার সময় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ত্রাণ তৎপরতা চলে। এতে দুর্যোগগ্রস্ত মানুষরা কিছুটা উপকৃত হয়। কিন্তু এ বছর করোনা দুর্যোগের কারণে বন্যার ভয়াবহতা সামনে আসছে না।
বাংলাদেশের লেখক সমাজের একটি অংশ ২০১৬ সাল থেকে বন্যাদুর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। লেখক, পাঠক, প্রবাসে অবস্থানরত বাঙালি এবং দেশের সর্বস্তরের মানুষ এই উদ্যোগে অংশগ্রহণ করেন।
বিগত বছরগুলোতে তারা সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, শরিয়তপুর, মানিকগঞ্জে বিতরণ করেছেন নগদ টাকা। এবারও তেমন উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি এলাকা নির্বাচন করে আমরা পরিবারপ্রতি ২ হাজার টাকা করে দিতে চান তারা।
শুধু লেখক নন, দেশ-বিদেশের যে কোনো পেশার যে কোনো নাগরিক এ উদ্যোগে অংশ নিতে পারবেন। ৭ আগস্ট পর্যন্ত ৪টি ব্যাংক একাউন্ট ও ৭টি বিকাশ নম্বরে অনুদান পাঠানো হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে: দুর্যোগকবলিত মানুষের পাশে লেখক-শিল্পী সমাজ
