চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০৫:৩৮ এএম

নগরীতে ট্রাফিক পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশ জানিয়েছে গ্রেপ্তার যুবক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সদস্য। এর আগে গত ৩ মে একই ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

২৭ জুলাই সোমবার কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকা থেকে মো. শাহেদ (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। শাহেদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

গত ২৮ জুলাই মঙ্গলবার এ বিষয়ে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ষোলশহর পুলিশ বক্সে যে দুজন জঙ্গি বোমা রেখে এসেছিল তাদের মধ্যে শাহেদ একজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহেদ জানিয়েছে, লোহাগাড়া থেকে সে বোমাটি নিয়ে আসে। তারপর তারা পাঁচজন আগে গ্রেপ্তার হওয়া এমরানের আপন নিবাসের বাসায় গিয়েছিল। পরে কয়েক জায়গায় রেকি করে শাহেদসহ আরও একজন মিলে বোমাটি পুলিশ বক্সে রেখে আসে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেইট মোড়ে পুলিশ বক্সটিতে বিস্ফোরণ ঘটে। এতে সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ ৫ জন আহত হন।

এ ঘটনায় গত ৩ মে তিনজনকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট।  গ্রেপ্তাররা হলো মো. সাইফুল্লাহ (২৪), মো. এমরান (২৫) ও আবু ছালেহ (২৫)। এদের মধ্যে এমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অষ্টম সেমিস্টার এবং আবু ছালেহ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের টেক্সটাইল অনুষদের শিক্ষার্থী। এই তিনজনই নব্য জেএমবির সদস্য বলে সে সময় জানিয়েছিলেন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত