করোনা পরীক্ষার ভুয়া সনদসহ বহুমাত্রিক জালিয়াতিতে আলোচিত রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম খুলনায় র্যাবের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে জব্দ করা অস্ত্র ও গুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। খুলনার র্যাব-৬-এর একজন কর্মকর্তা দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন।
র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল রওসোনুল ফিরোজ জানান, সাহেদ করিমকে গত সোমবার সন্ধ্যায় খুলনায় র্যাব-৬ কার্যালয়ে আনার পর থেকেই মামলার তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। গতকাল মঙ্গলবারও তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বজলুর রশিদ দেশ রূপান্তরকে বলেন, ‘সাহেদকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জব্দ করা অস্ত্র ও গুলির তথ্যসহ নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিমান্ড শেষে তাকে সাতক্ষীরার আদালতে হাজির করা হবে।’
জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার সন্ধ্যায় সাহেদকে ঢাকা থেকে খুলনা র্যাব-৬ কার্যালয়ে আনা হয়। এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২৬ জুলাই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম আত্মগোপনে ছিলেন। গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী দেবহাটা উপজেলার কমলপুর গ্রামের ইছামতী খালে নৌকায় করে ভারতে পালানোর সময় র্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা করে র্যাব।
