দেশটাকে খোঁয়াড়ে পরিণত করেছে সরকার : রিজভী

আপডেট : ৩০ জুলাই ২০২০, ০৭:২১ এএম

সরকার দেশটাকে গরু-ছাগলের খোঁয়াড়ে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন,  ‘দেশের মানুষ গরু-ছাগলের খোঁয়াড় নয়, তারাও মানুষ। আর মানুষ মাত্রই বিভিন্ন চিন্তাভাবনা করে। যা চিন্তা করে তা প্রকাশ করতে চায়। কিন্তু শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষকে গরু-ছাগলের খোঁয়াড়ে পরিণত করেছেন। কারণ মানুষ ঘরে বন্দি থাকলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না।’

গতকাল বুধবার মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর আড়িয়াল খাঁ বিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, মুন্সীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের জুলুম-নির্যাতন সহ্য করে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে। কারণ এটি আজকে বর্তমান সরকার কেড়ে নিয়েছে। আজকে যদি আপনারা মতপ্রকাশের জন্য ফেইসবুকে কিছু লেখেন দিনে-রাতে যেকোনো সময় সাদা পোশাকধারীরা আপনাকে তুলে নিয়ে যাবে।’

রিজভী বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো সরকার কেড়ে নিয়েছে। তা ফিরিয়ে আনতে বিএনপি লড়াই করছে। লড়াই করার কারণে দেশের কোটি কোটি মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুই বছরের বেশি কারাগারে বন্দি করে রেখেছিল। সরকারের রোষানলে পড়ে আজকে দেশছাড়া হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, কয়েকজন ব্যক্তি দুয়েকটা ফ্লাইওভার করে আর আওয়ামী লীগের নেতারা পকেট ভারী করে। তারা এখন কানাডায় বাড়ি বানান, মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেন এটা জিয়াউর রহমানের নীতি ছিল না।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, সদস্য সচিব আবদুর রহিম, মৎস্যজীবী দলের নেতা সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক, কবিরউদ্দিন, হিমু স্বপন, আনোয়ার হোসেন, আলমগীর সামী, কেএম সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত