বাগেরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আসামি নিহত

আপডেট : ৩০ জুলাই ২০২০, ১০:২৫ এএম

বাগেরহাটের রামপালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটা কেষ্ট (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রামপাল উপজেলার কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ভেকটমারি এলাকায় এই ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, নিহত মোস্তাফা কামালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় খুনসহ ২৫টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে পিস্তল, অস্ত্র, ইয়াবা ও নগদ টাকা উদ্ধা করা হয়।

নিহত মোস্তফা কামালের বাড়ি খুলনার রুপসা উপজেলার নৈহাটি গ্রামে। তিনি রুপসার নৈহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এই প্রতিবেদককে বলেন, খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাছে ভেকটমারি এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল তার বাহিনী নিয়ে অবস্থান করছে- এমন খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়।

মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট গোলাগুলির পর মাদক ব্যবসায়িরা দৌড়ে পালিয়ে যায়। পরে র‌্যাব সেখান থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। তাকে উদ্ধার করে স্থানীয় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাগুলির পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি, ধারালো অস্ত্র, একটি ম্যাগজিন, পাঁচশ পিস ইয়াবা, নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

নিহত মোস্তফা কামালের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন অস্ত্র মামলাসহ ২৫টি মামলা রয়েছে।

নিহত কামাল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ি বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত