অবশেষে করোনামুক্ত হলেন পাকিস্তানের হারিস রউফ। টানা দুইবার কভিড-১৯ নেগেটিভ আসার পর অনুমতি পেলেন ইংল্যান্ডে উড়ে যাওয়ার।
গত ২১ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনায় করানো পরীক্ষায় হারিসসহ পাকিস্তানের ১০ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ আসে। এরপর থেকে সেল্ফ আইসোলেশনে থাকলেও হারিসের বারবার করোনা পজিটিভ আসছিল।
২০ জুলাই পর্যন্ত তার ৬ বার করোনা পরীক্ষা করা হয়। যার ৫ বারই ফল পজিটিভ আসে।
নিয়ম অনুযায়ী টানা দুই পরীক্ষায় নেগেটিভ না হলে ইংল্যান্ডে যাওয়ার অনুমতি পাবে না কেউ। অবশেষে বৃহস্পতিবার সুখবর পেয়েছেন ২৬ বছর বয়সী ক্রিকেটার।
বারবার যখন করোনায় পজিটিভ হচ্ছিলেন হারিস রউফ, তখন টি-টোয়েন্টি দলে মোহাম্মদ আমিরকে যোগ করে পাকিস্তান। আমির এরই মধ্যে দলের অনুশীলনে যোগ দিয়েছেন।
রউফকে অবশ্য বাদ দেয়নি। দ্রুতই তাকে ইংল্যান্ড পাঠানোর কথা জানিয়েছে পিসিবি।
ইংল্যান্ড সফরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ৫ আগস্ট শুরু হবে তিন টেস্টের সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ আগস্ট।
