হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ নারী গার্মেন্টসকর্মীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার ভোর ৬টায় মহাসড়কে বাহুবল উপজেলার আব্দানারায়ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত শাহিদা (৩৫) ও মালেকা (২২) সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভপুর উপজেলার দশঘর গ্রামের বাসিন্দা। এরা গার্মেন্টসকর্মী । তবে নিহত প্রাইভেটকার চালকের পরিচয় পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, ঈদের ছুটিতে একটি প্রাইভেটকার ভাড়া করে দুই নারী গার্মেন্টসকর্মীসহ ৬ জন ঢাকা থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন।
আব্দানারায়ন এলাকায় পৌঁছালে মনোহরদীগামী একটি বাসের সঙ্গে কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনজন। আহত ২ পুরুষ ও এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। বাসের কোনো যাত্রী আহত হননি বলে জানান তিনি।
