যশোরের কেশবপুরে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুজ্জামান ওরফে মনির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দোরমুটিয়া ইটভাটার কাছে মাদক ব্যবসায়ীদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মনিরুজ্জামান একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দোরমুটিয়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দীন বলেন, সোমবার গভীর রাতে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সংবাদ পেয়ে পুলিশ দোরমুটিয়া গ্রামে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় একটি ইটভাটার কাছে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর থানার এসআই সুপ্রভাত মন্ডল বলেন, গ্রামপুলিশের সদস্য মিজানুর রহমান নিহত যুবকের নাম মনিরুজ্জামান ওরফে মনির বলে শনাক্ত করেছেন। মনিরের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।
