জামালপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জের ঝালোপাড়ায় পুকুরে ডুবে সিয়াম (৮) ও জান্নাত (৫) নামে দুই শিশু ও মাদারগঞ্জের ভেলামারীতে বন্যার পানিতে ডুবে তাসমিয়া আক্তার শাম্মি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়।
বকশীগঞ্জের নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝালোপাড়ার আহাজুদ্দিনের ছেলে সিয়াম ও রাশেদ মিয়ার মেয়ে জান্নাত বাড়ির পাশে সালেহ আহমেদ ময়নার পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে মাদারগঞ্জে বন্যার পানিতে ডুবে তাসমিয়া আক্তার শাম্মি নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
কড়ইচূড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকালে ভেলামারী গ্রামের সানাউল্লাহর মেয়ে তাসমিয়া আক্তার শাম্মি বাড়ির পাশে ঝাড়কাটা নদীর বন্যার পানিতে খেলার সময় পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।
