পাটুরিয়া-দৌলতদিয়ায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৬:৫৩ পিএম

ঈদের ছুটি শেষ হওয়ায় ঢাকায় কর্মস্থলে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা। মঙ্গলবার সকালের পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঢাকামুখী পরিবহন বাড়তে থাকালেও ১৭টি ফেরি চলাচল করায় ঘাট এলাকায় কোনো যানজট দেখা যায়নি। ঘাট এলাকায় আসামাত্র ফেরিতে উঠতে পারছে যানবাহনগুলো।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঢাকামুখী যাত্রীর চাপ বাড়লেও তুলনামূলক কম। বুধ ও বৃহস্পতিবার যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়বে। পাটুরিয়া ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন।

বিআইডব্লিটিসি’র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি চলাচল করছে। নদীতে তীব্র স্রোতের কারণে অতিরিক্ত সময় লাগলেও যানজট ছিল না। মঙ্গলবার সকালে দৌলতদিয়ায় ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষামাণ থাকলেও সকাল ১০টার দিকে সেগুলো পার হয়ে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত