ভাড়া বাড়িতে স্থাপিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি বলেছেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই সেসব প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিও প্রদান করা হবে না। এরকম যেসব প্রতিষ্ঠানকে ইতিমধ্যে এমপিও প্রদান করা হয়েছে তাদেরকে আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে।’
গতকাল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা (সংশোধিত) ২০২০-এর ওপর আয়োজিত এক ভার্চুয়াল মিটিংয়ে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, কোনো ট্রাস্ট বা সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতামতের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে। ট্রাস্ট বা সংস্থা দ্বারা পরিচালিত যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে এমপিওভুক্ত হয়েছে ট্রাস্ট যদি না চায় তাহলে সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে এবং ওইসব প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন। অথবা আগের প্রতিষ্ঠানে থেকে যেতে পারবেন। তাছাড়া ভবিষ্যতে ট্রাস্টের কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করতে হলে ট্রাস্টের পূর্বানুমোদন নিতে হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এই ভার্চুয়াল মিটিংয়ে আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্মকর্তারা।
