মেসেজ পাঠিয়ে প্রাপকের দিক থেকে অদৃশ্য করে দেয়ার ফিচার নিয়ে দীর্ঘদিন কাজ করছে হোয়াটসঅ্যাপ। ঠিক কবে ফিচারটি আসবে, সে বিষয়ে গত কয়েক মাসে কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার ওয়াবেটাইনফো জানালো, ফিচারটি খুব তাড়াতাড়ি আসবে।
আলোচিত এই ফিচারটির কিছু বর্ণনাও দেয়া হয়েছে প্রতিবেদনে। বলা হচ্ছে, এমন অপশন রাখা হবে, যার মাধ্যমে সাতদিন পর পর্যন্ত আপনা-আপনি মেসেজ ডিলিট হবে। এই অপশনটি ‘অন’ অথবা ‘অফ’ করে রাখা যাবে।
গ্রুপ চ্যাটিংয়ের ক্ষেত্রে এই সুযোগ থাকবে অ্যাডমিনের কাছে।
মিডিয়া শেয়ারের ক্ষেত্রে মেসেজ অদৃশ্য হওয়ার আগে ব্যবহারকারীর ফোনে সেভ হতে পারে।
এসবের পাশাপাশি হোয়াটসঅ্যাপে আরও কিছু নতুন ফিচার আসছে। এর মধ্যে অন্যতম একটি অ্যাকাউন্ট একসঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহারের সুযোগ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের বেটা ভার্সনে এই দুটি ফিচারের বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে।
একাধিক ডিভাইস ব্যবহারের সুবিধা আসলে মোট চারটি ফোনে আপনি এক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বর্তমানে হোয়াটসঅ্যাপ একসঙ্গে একটি ডিভাইসের পাশাপাশি শুধু ওয়েবে ব্যবহার করা যায়।
নতুন আপডেটে বেটা ভার্সনে ফিচারটি ‘লিংকড ডিভাইসেস’ নামে শো করতে দেখা গেছে।
সাধারণ ভার্সনে আসলে এই ফিচারটি থাকবে অ্যাপের সেটিংস অপশনে। কোন কোন ডিভাইসে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটি অ্যাকাউন্ট থেকেই দেখা যাবে।
আরেকটি ফিচারের নাম ‘অ্যাডভান্সড সার্চ’। নাম দেখে বোঝা যাচ্ছে সার্চিংয়ের সুবিধার জন্য রাখা হয়েছে।
এই ফিচারটি আসলে ব্যবহারকারীরা সার্চে ট্যাপ করে ছবি, ভিডিও, লিংক এবং অডিওর আলাদা-আলাদা ক্যাটাগরি পাবেন।
