পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মুজিববর্ষের মধ্যেই তাদের এনে আইনের হাতে সোপর্দ করা হবে। গতকাল শুক্রবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে বঙ্গবন্ধুর খুনিরা নাম-পরিচয় বদল করে অবস্থান করছেন। তাদের আনতে সেই সব দেশের সঙ্গে সরকার সার্বক্ষণিক যোগাযোগ করছে।
আরেক প্রশ্নে আবদুল মোমেন বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশ থেকে যেসব প্রবাসী ফিরে এসেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের পর্যায়ক্রমে সেই সব দেশে পাঠানো হবে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা চলছে। এখনো বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ শুরু হয়নি। আকাশপথে যোগযোগ শুরু হলে প্রবাসীদের পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানান তিনি। প্রবাসীরা দুরাবস্থায় রয়েছেন এমন প্রশ্নে মন্ত্রী বলেন, সরকারের পক্ষে প্রবাসীদের ব্যাপক সাহায্য-সহযোগিতা করা হয়েছে। তাদের যেকোনো সমস্যা সরকার আন্তরিকতার সঙ্গে সমাধান করছে। প্রবাসীরা দেশে ও বিদেশে যে যেখানে আছেন, ভালো আছেন। এ ছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশের যেসব মিশন রয়েছে তারাও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের সব ধরনের সহযোগিতা করছে।
এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন শেখ উপস্থিত ছিলেন।
