অভিনেত্রীর অভিনব পার্টি: পরনে পিপিই, মুখে নেই মাস্ক

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১১:১৯ এএম

করোনার দাপটে ভারতের নাকাল অবস্থা। বেশির ভাগ রাজ্যে পর্যাপ্ত চিকিৎসার অভাবে, দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় বা বেড না পাওয়ায় অসংখ্য মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে পার্টি দিলেন এক অভিনেত্রী। আর পার্টির থিম পোশাক ছিল পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা পিপিই।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নিজের কোম্পানির বার্ষিকী উদ্‌যাপনে বন্ধুদের সঙ্গে জমিয়ে আসর বসালেন পাঞ্জাবি অভিনেত্রী পারুল গুলাটি।

বলিউডেও কাজ করেছেন পারুল। তার নিশ হেয়ার নামের কোম্পানির জন্মদিন সেলিব্রেট করার জন্য বাড়িতে পার্টি দেন। পার্টির থিম ছিল পিপিই কিট পরে আসতে হবে সবাইকে। তবে সেগুলো নেহাত ফ্যাশন! কারো মুখে ছিল না মাস্ক।

যেখানে হাসপাতালের বেডে শুয়ে করোনা রোগীকে প্রতিটি পিপিই কিটের জন্য আলাদা করে টাকা দিতে হচ্ছে, দেশে রীতিমতো টান পড়েছে এই পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের। সেখানে পিপিই পরে পার্টির থিম নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

ভারতে প্রতিদিন প্রায় ৪৫ লাখ পিপিই কিট, এন ৯৫ মাস্ক, ফেস শিল্ড ও অন্য সুরক্ষা সরঞ্জাম তৈরি হচ্ছে এবং সরবরাহ হচ্ছে। তারপরও অনেকেই প্রয়োজনের সময় এই জীবন রক্ষাকারী সামগ্রী পাচ্ছেন না। সেখানে পারুল ও তার বন্ধুরা পিপিই কিট পরে অথচ মাস্ক না পরে এমন ভাবে পার্টি করায় প্রশ্ন উঠছে সচেতনতা ও মানবিকতা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় সেই পার্টির ছবি ভাইরাল হয়েছে। ট্রোল হয়েছেন নায়িকা।

টেলিভিশনের একাধিক সিরিয়াল ও ওয়েব সিরিজে কাজ করেছেন পারুল। এর মধ্যে আছে ইয়ে পেয়ার না হোগা কম, হক সে, গার্লস হোস্টেল, সেকেন্ড হ্যান্ড, দ্য রায়কর কেস, ইললিগান ও ইওর অনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত