কক্সবাজারের টেকনাফে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর প্রসঙ্গ ধরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ‘‘পু্লশি কর্মকর্তারা এখন নিজেদের ‘ওয়েস্টার্ন সিনেমার হিরো’ ভাবছেন।’’
শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু স্মরণে ‘জননেতা শফিউল বারী বাবু স্মৃতি সংসদ’ আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন।
সোহেল বলেন, ‘দেশের অবস্থা আপনারা কী দেখেছেন? নির্বাচনের আগের রাত্রে ফিল্মি কায়দায় যে পুলিশ বাহিনী এই অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, নির্বাচনের পর সেই পুলিশ বাহিনীর অফিসাররা এখন নিজেদের ওয়েস্টার্ন ছবির হিরো ভাবছেন’।
পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘কিছুসংখ্যক পুলিশ অফিসার আছেন যারে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সকাল বেলা আসার সময়ে প্যান্টের পকেটে কিছু লাল রঙের বড়ি নেন এবং সারাদিন তার কাজ একটাই- এ বড়ি কার পকেটে ঢুকিয়ে দিয়ে কিছু পয়সা আদায় করা যাবে, কাকে ফাঁসান যাবে’।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, রফিক হাওলাার, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব নজরুল ইসলাম তালুকদার।
