আমি নিশ্চিত সাকিব খুব ক্ষুধার্ত হয়ে আছে: ফাহিম

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১১:৪৫ পিএম

অনুশীলনে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। এ মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পরিকল্পনা এই অলরাউন্ডারের। এরপর সেপ্টেম্বরের শুরু থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ব্যক্তি উদ্যোগে অনুশীলন করবেন তিনি। ২৯ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। অর্থাৎ নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে দুই মাস সময় পাচ্ছেন দেশের সাবেক এই অধিনায়ক।

তা এই সময়ে নিষেধাজ্ঞা শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য নিজেকে তৈরি করতে পারবেন সাকিব? বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা, সাকিবের অন্যতম মেন্টর নাজমুল আবেদীন ফাহিম মনে করেন এই দুই মাসই যথেষ্ট হবে তার শিষ্যের জন্য। ফাহিম মনে করেন, সাকিব নিজেও ক্রিকেটে ফিরতে খুব ক্ষুধার্ত হয়ে আছেন।

গত শুক্রবার ইউটিউব চ্যানেল ‘নট আউট নোমান’-এ যুক্ত ছিলেন ফাহিম। দুই মাস সাকিবের ফেরার জন্য যথেষ্ট সময় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘মনে হয় যথেষ্ট। কারণ ও খুব স্পেসিফিক। ও জানে যে ও কি করতে চায়। ওর সময়টা খুব কম নষ্ট হবে। সেই কাজগুলোই আমরা করব।’

বিকেএসপিতে সব ধরনের সুযোগ-সুবিধাই পাবেন সাকিব। সেন্টার উইকেট ব্যবহার করতে পারবেন। ফিটনেস ট্রেনিংয়ের জন্য অ্যাথলেটিক ট্র্যাক পাচ্ছেন। বিকেএসপির বিভিন্ন বিভাগের কোচদেরও সাহায্য নিতে পারবেন প্রয়োজনে। এ কারণেই সাকিব নিজের ফেরার লড়াই শুরু করার জন্য বেছে নিয়েছেন বিকেএসপিকে।

ফাহিম বলেন, ‘দুই মাস লম্বা সময়। এটাকে আমরা ফেইস বাই ফেইস ব্যবহার করব। প্রথম দিকে হয়তো ফিটনেস নিয়ে চিন্তা হবে বেশি। কিছু স্কিল নিয়ে কাজ হবে। এবং গ্র্যাজুয়ালি ওকে কীভাবে আমরা নেটে নিয়ে যাব বা সেন্টার উইকেটে নিয়ে যাব, ম্যাচ খেলার মতো পরিবেশ দিতে পারব...। একবার ও গ্রুমের মধ্যে চলে আসলে আমি নিশ্চিত যে ও আবার পুরোনো ছন্দে ফিরে আসবে।’

সাকিব যে অনুশীলনের ক্ষেত্রে অন্যদের থেকে আলাদা সেটি মনে করিয়ে দিয়ে তার গুরু বলেন, ‘অনেক খেলোয়াড় হয়তো আমরা পরিশ্রম করি, কিন্তু না বুঝেই অনেক সময় অনেক কিছু করি। সাকিব এ ক্ষেত্রে জানে ও কি করতে চায়। প্রত্যেকটা মুহূর্ত এখানে কাজে লাগবে।’

ফেরার জন্য সাকিবও ক্ষুধার্ত হয়ে আছে বলে মানেন ফাহিম। বলেন, ‘আমি নিশ্চিত যে সাকিবও খুব ক্ষুধার্ত হয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট বা ক্রিকেট খেলার জন্য। সম্প্রতি বিশ্বকাপে ও যে খেলা খেলেছে, নিশ্চয়ও ও সেটা ধরে রাখতে চাইবে। তার চেয়েও হয়তো ভালো খেলতে চাইবে। সে খুবই ডিটারমাইন্ড ক্যারেক্টার। আমি নিশ্চিত যে এই দুই মাসে অনেক কিছু হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত