মানবতাবিরোধী অপরাধ

জামিনের শর্ত ভঙ্গকারী জোবায়েরকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৩:৪০ এএম

অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেলেও শর্ত ভঙ্গ করায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সুনামগঞ্জের শাল্লার জোবায়ের মনিরের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রবিবার শুনানি নিয়ে এ আদেশ দেয় বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত দুই বিচারপতির ট্রাইব্যুনাল। জামিনের শর্ত ভঙ্গ করে ঢাকার বাইরে গিয়ে নৌবিহারে যাওয়া, মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখানোর বিষয়টি উল্লেখ করে গত ৫ আগস্ট জোবায়েরের জামিন বাতিলে ট্রাইব্যুনালে আবেদন করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন।

প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন দেশ রূপান্তরকে বলেন, ‘জামিনের যে কন্ডিশন ছিল তা ভঙ্গ করা হয়েছে। জামিনে থাকাকালে তার যে এলাকায় (ঢাকার আদাবর) থাকার কথা ছিল সেখানে বসবাস না করে নিজের এলাকায় (সুনামগঞ্জের শাল্লা) গিয়ে সাক্ষীদের হুমকি দিয়েছেন, নৌবিহার করেছেন, ঘুরে বেড়িয়েছেন। এ বিষয়গুলো ট্রাইব্যুনালের কাঠগড়ায় থাকা আসামি নিজেই স্বীকার করেছেন। ট্রাইব্যুনাল জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়েছেন।’

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় জোবায়ের মনির ও তার সঙ্গীদের বিরুদ্ধে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ লুটপাটের মতো অভিযোগ রয়েছে। গত ৯ ফেব্রুয়ারি অসুস্থতাজনিত কারণে তাকে বেশকিছু শর্তে জামিন দেয় ট্রাইব্যুনাল। এর মধ্যে ঢাকায় থাকা, নিয়মিত ট্রাইব্যুনালে হাজিরা দেওয়া, কোনো সাক্ষী এবং মামলাসংক্রান্ত বিষয়ে কাউকে প্রভাবিত না করাসহ সাতটি শর্ত ছিল। সম্প্রতি জামিনের শর্ত ভঙ্গ করে গত ঈদুল আজহার সময় জোবায়ের গ্রামের বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুরে যান। সেখানে নিজস্ব লোকজন নিয়ে নৌকায় হাওরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে গত ৩ আগস্ট ঢাকায় ফেরেন।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২০১৮ সালের ২০ ডিসেম্বর জোবায়ের মনির, জাকির হোসেন, তোতা মিয়া, সিদ্দিকুর রহমান, আবদুল জলিল, আবদুর রশিদসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে অভিযোগের পরই আমেরিকায় পালিয়ে যান জোবায়েরের ভাই মুকিত মনির। ২০১৯ সালের ১৭ জুন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জোবায়ের মনিরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত