আলোচনায় বক্তারা

আদিবাসী দিবস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৫:২৪ এএম

দেশে আদিবাসী ও আদিবাসী দিবসকে পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেছেন বক্তারা। তারা বলছেন, আদিবাসীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ভূমি অধিকার ভূলুন্ঠিত হওয়ার যত আয়োজন তার সবকিছুই তাদের বিরুদ্ধে হচ্ছে। অবিলম্বে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনেরও দাবি জানান তারা। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল রবিবার বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘আদিবাসী বা আদিবাসী দিবস পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আজকেও পত্রিকা খুললে দেখবেন যে, আজ যে একটি আন্তর্জাতিক দিবস তার হদিস কোথাও নেই। এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে আমার মনে হয়। আদিবাসী দিবসের রাষ্ট্রীয় ও জাতীয় স্বীকৃতি প্রয়োজন।’ তিনি বলেন, ‘সংবিধানের পঞ্চদশ সংশোধনী দেশের সামনে পুরনো ভুল শুধরে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু তাদের দাবি মোতাবেক আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে পারিনি। পাকিস্তান আমলে বাঙালি হিসেবে অস্বীকার যেমন আমাদের মনে ক্ষোভ ও জ্বালা সৃষ্টি করত, আদিবাসী হিসেবে স্বীকার না করাও আদিবাসীদের মনে তেমনই ক্ষোভ ও জ্বালা সৃষ্টি করে রেখেছে।’

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেন, ‘দেশে আজও আদিবাসী জনগণের মানবাধিকার পরিস্থিতি ভালো নয়। দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের ভূমি বেদখল হচ্ছে এবং তাদের ভূমি থেকে উচ্ছেদ করার হীন উদ্দেশ্যে সাম্প্রদায়িক হামলা, ভূমি জবরদখল ও উচ্ছেদ, আদিবাসী নারীর ওপর নির্যাতন ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গত ২২ বছরে মৌলিক বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন করেনি।’

ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আজ ২৩ বছর হতে চলল পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। অথচ দেশের স্বার্থে এ চুক্তি বাস্তবায়ন হওয়া অতীব জরুরি।’ তিনি সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশনের জোর দাবি জানান। বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘আমরা সবাই জানি আদিবাসীরা নানা সমস্যায় জর্জরিত। তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ মানুষ হিসেবে তাদের সে অধিকারগুলো দরকার। আমরা আদিবাসীদের সংগ্রামের সঙ্গে সহভাগী হতে চাই।’

টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আদিবাসী’ শব্দটার মধ্যে আশ্রয়হীন, অনাথ প্রকাশ করে। তারা নিজ দেশে প্রবাসী। বিচারবহির্ভূত হত্যা, অধিকারহীনতা, বঞ্চনা, মৌলিক অধিকার হরণ, দখল, উচ্ছেদ, ভূমি অধিকার ভূ-লুণ্ঠিত হওয়ার যত আয়োজন তার সবকিছুই হচ্ছে।

সন্তু লারমার সভাপতিত্বে ভার্চুয়াল সভায় আরও অংশ নেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সাদেকা হালিম, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, জোবাইদা নাসরিন কনা, রোবায়েত ফেরদৌস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত, মানবাধিকারকর্মী খুশী কবির, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত