চারঘাটে গ্রেপ্তার দুই যুবকের স্বীকারোক্তি

মোটরসাইকেল হাতিয়ে নিতে কলেজছাত্রকে খুন

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০৭:৩১ এএম

মোটরসাইকেল হাতিয়ে নিতেই রাজশাহীর চারঘাটে কলেজছাত্র সাইফ ইসলাম সানিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই দিয়েছে পুলিশকে। গতকাল রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ জানান, চেতনানাশক খাওয়ানোর পর সানিকে গলা কেটে হত্যা করে গ্রেপ্তার সাগর ও সাকিব।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, নিহত সানির একটি মোটরসাইকেল ছিল। মাদকসেবী সাকিব ও সাগর মাদকের টাকা জোগাড় করতে তার মোটরসাইকেলটি হাতিয়ে নিতেই সানিকে হত্যা করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুঠিয়ার বানেশ^র বাজারের একটি গ্যারেজ থেকে সানির মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। আর সাকিবের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলের চাবি। গতকাল দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এসপি জানান, শনিবার সানির মরদেহ উদ্ধারের পর অভিযান পরিচালনা করে চারঘাট মডেল থানার পুলিশ। অভিযানে চারঘাট উপজেলার মৌগাছী থেকে সাকিব (২৪) ও সাগরকে (২৩) গ্রেপ্তার করা হয়। সাকিব ও সাগর পুঠিয়ার বানেশ্বর থান্দারপাড়া এলাকার বাসিন্দা।

গত শুক্রবার সাইফ ইসলাম সানিকে কাজের কথা বলে সাকিব ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সানি নিখোঁজ ছিল। শনিবার তার মরদেহ পাওয়া যায় চারঘাট মডেল থানাধীন মাড়িয়া মসজিদপাড়ার মোশারফ হোসেনের কলাবাগানে। মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে সাকিবকে আসামি করে মামলা হয়।

এদিকে সাকির গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া তার সহযোগী আসামি সাগরের নাম-ঠিকানাও জানায়। এরপর সাগরকেও গ্রেপ্তার করে পুলিশ। তারা সানির মোটরসাইকেল হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যাকা- ঘটিয়েছে বলে পুলিশের দাবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত