আগামীকাল বুধবার থেকে টেলিভিশনে সরাসরি করোনা সম্পর্কিত স্বাস্থ্য বুলেটিন প্রচার হবে না। সরাসরি সম্প্রচারের পরিবর্তে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা পরিস্থিতির তথ্য-উপাত্ত জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। গত প্রায় চার মাস ধরে প্রতিদিন দুপুর আড়াইটায় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ বুলেটিন প্রচার করে আসছিলেন। এর আগে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ বুলেটিন প্রচার করতেন। মাঝেমধ্যে অধিদপ্তরের অন্য কর্মকর্তারাও প্রচার করেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ ব্যাপারে বলেন, এখন থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সম্পর্কিত সব তথ্য জানিয়ে দেওয়া হবে। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে অধ্যাপক ডা. নাসিমা সুলতানাসহ আরও একজন অতিরিক্ত মহাপরিচালকের সঙ্গে কথা বলে নিতে পারবেন। তবে স্বাস্থ্য বুলেটিন একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে না। ভবিষ্যতে প্রয়োজনে আবারও প্রচারিত হবে।
হঠাৎ করে স্বাস্থ্য বুলেটিন বন্ধ করে দেওয়ার কারণ হিসেবে ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, গত কয়েক মাস ধরে একটানা হেলথ বুলেটিন প্রচার করতে গিয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা একপ্রকার অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর খবর পড়তে পড়তে তার ওপর এক ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে। তাছাড়া তিনি শারীরিকভাবেও কিছুটা অসুস্থতা বোধ করছেন। সার্বিক বিবেচনায় স্বাস্থ্য বুলেটিন প্রচার বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়। দেখা যাক কী হয়।
