সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় ৩টি ডেভেলপার কোম্পানিকে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
বহিষ্কৃত কোম্পানিগুলো হলো এমবিকে বিল্ডার্স লিমিটেড, এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড ও দিপ্তি আবাসন লিমিটেড। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রিহ্যাব থেকে বহিষ্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সংবলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
এছাড়া গতকাল অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৪তম সভায় সংগঠনটির পরিচালনা পর্ষদের সহসভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া স্বেছায় পদত্যাগ করেন। লিয়াকত আলী ভূঁইয়া ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি। রিহ্যাবের প্রভাবশালী এ নেতার পদত্যাগ নিয়ে আবাসন ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে লিয়াকত আলী ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ‘আমি নিজ ইচ্ছায় রিহ্যাবের সহসভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।’
