স্বাস্থ্যবিধি মেনে এইচএসসির পরিকল্পনা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:২৫ এএম

পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিগগিরই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে অথবা অক্টোবরের শুরুতে পরীক্ষা শুরুর দিনক্ষণ ধরে রোডম্যাপ তৈরি করে প্রস্তুতি নেওয়া শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। গত ১ এপ্রিল এ পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান  মু. জিয়াউল হক দেশ রূপান্তরকে বলেন, ‘পরীক্ষা অবশ্যই নিতে হবে। এই পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে আমরা একটি রোডম্যাপ তৈরি করেছি। পরীক্ষার জন্য পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। মাঠ কর্মকর্তাদের মাধ্যমে জরিপ করে পরীক্ষাকেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে।’

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে জানা গেছে, পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হবে। পরীক্ষার হলে শিক্ষার্থী কমিয়ে একটি বেঞ্চে একজন করে বসান হবে। ক্লাসরুমে যত বেঞ্চ থাকবে ততজন পরীক্ষার্থীর আসন নির্ধারণ করা হবে। কোনো কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে পাশের ভালো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোর গেটের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। পরিদর্শক ও পরীক্ষার্থীরা ভালোভাবে হাত পরিষ্কার করে ভেতরে প্রবেশ করবেন।

জানা গেছে, ইতিমধ্যে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। চলতি বছর সারা দেশে কোথায় কোন কেন্দ্রে কতজন পরীক্ষার্থী রয়েছে এতে সে তথ্য পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্যও পাঠাতে বলা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ‘পরীক্ষার্থীদের সুরক্ষায় পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ক্লাসের মধ্যে এক বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কেন্দ্রের ভেতরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ১৫ দিন পর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত