মহিলা পরিষদ

শিক্ষিত হলেও অনিরাপত্তার বেড়াজালে নারীরা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:৪৩ এএম

নারীরা শিক্ষিত হয়েও অনিরাপত্তার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না বলে মনে করেন নারী অধিকার আন্দোলনের কর্মীরা। তাদের দাবি, পরিবারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীকে মানুষ হিসেবে বিবেচনা করছে না।

গতকাল মঙ্গলবার মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার আন্দোলন উপপরিষদের উদ্যোগে আয়োজিত ‘কভিড-১৯ :গৃহবন্দি নারী ও কন্যার মানসিক স্বাস্থ্য সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তারা এ কথা বলেন।

 ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রেহানা ইউনুস তার স্বাগত বক্তব্যে বলেন, আজ আমরা যে প্লাটফর্ম থেকে অংশ নিচ্ছি, এ প্লাটফর্ম দীর্ঘ ৫০ বছর যাবৎ নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত ও গণতান্ত্রিক, মানবিক সমাজগঠনে নানা আন্দোলন করে যাচ্ছে। তিনি বলেন, নারীরা শিক্ষিত হচ্ছেন কিন্তু অনিরাপত্তার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না। পরিবারের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নারীকে মানুষ হিসেবে বিবেচনা করছে না। দীর্ঘ লকডাউন, সামাজিক দূরত্ব, স্থান পরিবর্তন, অনিরাপত্তা, দুশ্চিন্তার ফলে মানুষের মধ্যে সামাজিক অস্থিরতা ও মানসিক বিষণœতা সৃষ্টি করেছে।

কাউন্সেলিং সাইকোলজিস্ট নুজহাত ই রহমান বলেন, আমাদের সবাইকে সবার কাছাকাছি হতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। নিজের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তিনি স্বতঃস্ফূর্তভাবে ২০টি প্রশ্নের উত্তর দিয়ে উপস্থিত সবার মানসিক শক্তিকে উজ্জীবিত করেছেন।

বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি মাহতাবুননেসার সভাপতিত্বে বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর ও পাড়া কমিটির প্রায় ১৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া  অস্ট্রেলিয়া, লন্ডন এবং কানাডা প্রবাসীরা অনলাইনে যুক্ত হয়েছিলেন। এ সময় নারীদের মানসিক সমস্যা সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দশনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত