করোনা মহামারীর মধ্যেও টেক জায়ান্ট অ্যাপলের শেয়ারের মূল্য বাড়তে থাকায় আরও সম্পদশালী হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। তাতে মার্কিন এই ব্যবসায়ীর নাম বিলিয়নিয়ারির ক্লাবে উঠেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। গত সপ্তাহে অ্যাপল ইনকরপোরেশনের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। তাতে ৪৪ বছরের প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ কোটি ডলার। তাতে সম্পদের পরিমাণ বেড়েছে অ্যাপলের প্রধান নির্বাহী কুকের। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসাব মতে তার সম্পত্তি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটিতে কুকের শেয়ারের সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৯৬৯টি।
চলমান করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্বজুড়ে অধিকাংশ ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের পতন ঘটলেও আয় বাড়ছে অ্যাপল, ফেইসবুক ও আমাজনের মতো টেক জায়ান্টগুলোর। গত মাসে ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ এক বিলিয়ন (১০০ কোটি) ডলার ছাড়ায়। স্টিভ জবস প্রয়াত হওয়ার পর ২০১১ সালে অ্যাপলের দায়িত্বে আসেন কুক। প্রথম টেক প্রতিষ্ঠান হিসেবে মোট সম্পদের পরিমাণ দুই ট্রিলিয়ন ছাড়াল যুক্তরাষ্ট্রের সিলিকন-ভ্যালিভিত্তিক টেক প্রতিষ্ঠান অ্যাপলের। দুই বছর আগে প্রথম টেক প্রতিষ্ঠান হিসেবে তাদের সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ছাড়িয়েছিল।
