মাদ্রাসাছাত্রীর ওপর এসিড নিক্ষেপ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৭:০৫ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে সোমা খাতুন (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর ওপর এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। এতে তার মুখ ও হাত ঝলসে গেছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমা গ্রামের সেলিম রেজার মেয়ে এবং বাউটিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতের খাবার শেষে চাচির সঙ্গে ঘরে টেলিভিশন দেখছিল সোমা। এ সময় জানালা দিয়ে বখাটেরা এসিড ছুড়ে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

সোমার বাবা বলেন, ‘হঠাৎ মুখে এসিড পড়ায় সোমা মাটিতে লুটিয়ে পড়ে, কাউকে চিনতে পারেনি। তবে কয়েক দিন ধরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে তাকে বিরক্ত করা হচ্ছিল। আমি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সোমার চোখের নিচ থেকে মুখের অংশ ঝলসে গেছে। আর বাম হাত পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত