চাঁদপুর শহর রক্ষা বাঁধ পুরানবাজার হরিসভার ২৫ মিটার এলাকায় আবারও ভাঙন দেখা দিয়েছে। এতে মেঘনার ভাঙনের মুখে রয়েছে পুরো এলাকা। ভাঙন আতঙ্কে স্থানীয় বাসিন্দারা অন্যত্র মালামাল সরিয়ে নেওয়া শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টায় হঠাৎ করে পুরানবাজারের হরিসভা এলাকায় ভয়াবহ ফাটল দেখা যায়। এ সময় শহর রক্ষা বাঁধের বেশ কিছু ব্লক নদীতে বিলীন হয়ে যায়। ২৫ মিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দেওয়ায় স্থানীয় লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। পুরানবাজার ব্যবসায়িক এলাকাটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
চাঁদপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাবুল আখতার বলেন, মেঘনা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ার পাশাপাশি সৃষ্ট ঘূর্ণিপাকে হরিসভা এলাকায় ভাঙন দেখা দেয়। শহররক্ষা বাঁধের ২৫ মিটার এলাকায় ভাঙনের তীব্রতা বেশি। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙনরোধে কাজ শুরু করে দিয়েছি।
শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকায় কয়েক মাস আগেও ভাঙন দেখা দেয়। ওই সময় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালুভর্তি বস্তা ফেলা হয়।
পুরানবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মো. মাসুদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছি।
