মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের মামলায় নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও কবিরহাটের বিভিন্ন এলাকার চারজনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক। এটি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৭৮তম প্রতিবেদন। পলাতক চার আসামিকে গ্রেপ্তারের সুবিধার্থে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
মামলা ও তদন্তের সারসংক্ষেপ তুলে ধরে জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক সাংবাদিকদের জানান, এ চার আসামির বিরুদ্ধে ২০১৭ সালের ১২ নভেম্বর তদন্ত শুরু হয়। দুই বছর নয় মাসে গতকাল বুধবার তদন্ত শেষ হয়। অভিযোগের তদন্ত করেন তদন্ত কর্মকর্তা (আইও) মো. শাহাজান কবির। তিনিসহ ২৮ জন সাক্ষীর জবানবন্দি চারটি ভলিউমে মোট ১১৪ পৃষ্ঠায় তদন্ত প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনটি ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হবে।
