একটি আন্তজেলা ইজিবাইক চোর চক্রকে চিহ্নিত করেছে যশোরের গোয়েন্দা পুলিশ। এ সময় চক্রের তিন সদস্য ও তাদের হেফাজত থেকে ১৮টি ইজিবাইক, ৭০ পিস চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন জানান, নড়াইলের চাকই গ্রামের ইজিবাইক চালক রফিক গাজিকে গত ২৮ জুলাই ফোন করে ভাড়ার কথা বলে যশোরের অভয়নগরের দেয়াপাড়া ব্রিজের সামনে নিয়ে যায় অজ্ঞাত এক ব্যক্তি। এরপর রফিক গাজির ইজিবাইক নিয়ে ওই ব্যক্তি সদর উপজেলার বসুন্দিয়ায় যায়। সেখানে এক বাড়িতে তারা দুপুরের খাবার খায়। সেখান থেকে অচেতন অবস্থায় পুলিশ রফিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, এরপর গত ২ আগস্ট জ্ঞান ফিরলে রফিক জানান, তার ইজিবাইক, নগদ টাকা ও মোবাইল খোয়া গেছে। এ সূত্রে অভিযান চালালে একপর্যায়ে বুধবার রাতে জেলা ডিবি পুলিশের ইনচার্জ সোমেন দাশের নেতৃত্বে একটি দল গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতা আলম ফারাজি ও রবিউল ইসলাম নামে দুজনকে আটক করে। এ সময় সেখান থেকে ইমরান শেখ নামে অপহৃত কyষ্টিয়ার এক ইজিবাইক চালককেও উদ্ধার করা হয়।
এরপর তাদের দেওয়া তথ্য মতে, কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার মিজানুর রহমানের গ্যারেজ থেকে রফিক গাজিরসহ মোট ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়। গ্যারেজ মালিক মিজানুরকেও আটক করা হয়।
পুলিশ সুপার আরও জানান, চালকদের অচেতন করে এ চক্র ইজিবাইক চুরি করে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা করা হয়েছে এবং বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হয়েছে।
