বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনা সেন্টারে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ চারটি নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি করোনা বেড দিয়েছেন সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ। গতকাল বৃহস্পতিবার বিএসএমএমইউয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার কাছে বেডগুলো হস্তান্তর করা হয়। এ সময় বিএসএমএমইউর অ্যানেসথেসিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান উপস্থিত ছিলেন। এ নেগেটিভ প্রেশার আইসোলেশন ক্যানোপি হাসপাতালের আইসিইউতে ব্যবহার করা হবে। কভিড রোগীদের চিকিৎসা প্রদান করার সময় ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য এ ধরনের বেড ব্যবহার করা হবে।
উপাচার্য বলেন, এভাবে দেশের বিভিন্ন বাহিনী, প্রতিষ্ঠান ও সমাজের দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে।
