১৫ আগস্টের শহীদদের স্মরণ করলেন জয়া

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৩:০৮ পিএম

সারা দেশে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস। এ দিনে সোশ্যাল মিডিয়ায় ধানমন্ডি ৩২ এর সেই ঐতিহাসিক বাড়িতে তোলা ছবি শেয়ার করলেন ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

একটি ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে দেখা যায় জয়াকে, অন্যটিতে সেই বাড়ির ঐতিহাসিক সিঁড়ির সামনে নায়িকা।

ছবির ক্যাপশনে ফেইসবুকে জয়া লেখেন, “ধানমন্ডির বাড়িতে বুকের রক্ত ঢেলে তাঁকে চলে যেতে হলো। পথভ্রষ্ট কিছু হত্যাকারী শারীরিকভাবে তাঁকে হত্যা করেছে। কিন্তু তিনি বেঁচে আছেন ইতিহাসে, বাঙালির এগিয়ে যাওয়ার অদম্য উদ্যোগে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা…”

করোনা পরিস্থিতিতে চার মাসের বেশি সময় অভিনয় থেকে বিরতিতে আছেন জয়া আহসান। সম্প্রতি কলকাতার সংগীতকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেপরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর একটি ছবিতে তার যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ছবিটির নাম ‘অসতো মা সদগময়’। ইন্দ্রদীপের ভাবনাতেই করোনা পরিস্থিতি ফ্রেমে তুলে ধরবেন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগে দুই তারকা ‘রবিবার’ নামের একটি ছবি করেন।

মানবজীবন কীভাবে করোনা আবহের কঠিন সময়ের সঙ্গে যুঝে চলেছে, সেই গল্পই ইন্দ্রদীপের হাত ধরে ফুটে উঠবে পর্দায়। জয়া-প্রসেনজিতের সঙ্গে আরও অভিনয় করবেন রুদ্রনীল ঘোষ ও অরুণ মুখোপাধ্যায়।

জয়াকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘রবিবার’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে অর্ধাঙ্গিনী, ঝরা পালক, বিনি সুতোয়, ভূতপরী ও ঢাকার ‘অলাতচক্র’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত