খুলনা-রাজশাহী রংপুরে মৃত্যু বেড়েছে

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০৫:২৫ এএম

দেশের খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর ঘটনা বাড়ছে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রামে মৃত্যু কমছে। এক মাস আগে দেশে মোট মৃত্যুর অর্ধেক ছিল ঢাকায়। কিন্তু গত এক মাসের মৃত্যুর হিসাবে দেখা গেছে, ৪৪ ভাগ মৃত্যু হয়েছে ঢাকায়। একইভাবে গত এক মাসে ১৭ ভাগ মৃত্যু হয়েছে চট্টগ্রামে। যেখানে একমাস আগে মোট মৃত্যুর ২৫ ভাগের বেশি ছিল চট্টগ্রামে। অন্যদিকে একমাস আগে মোট মৃত্যুর সাড়ে ৫ ভাগ খুলনাতে হলেও গত এক মাসের ১৩ ভাগ মৃত্যুই হয়েছে বিভাগটিতে। অর্থাৎ দ্বিগুণেরও বেশি। একইভাবে রাজশাহী ও রংপুরেও মৃত্যু বেড়েছে এবং সিলেট, বরিশাল ও ময়মনসিংহে মৃত্যুতে তেমন পরিবর্তন হয়নি।

গত একমাসে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে ঢাকায় ৫১০, চট্টগ্রামে ২০১, খুলনায় ১৪৮, রাজশাহীতে ১০৭, রংপুরে ৬৬, সিলেটে ৬২, বরিশালে ৫০ এবং ময়মনসিংহে ২৪ জন মারা গেছেন। শতকরা হিসাবে ঢাকায় প্রায় ৪৪, চট্টগ্রামে ১৭, খুলনায় ১৩, রাজশাহীতে ৯, রংপুরে ৬, সিলেটে ৫, বরিশালে ৪ ও ময়মনসিংহে ২ ভাগ মৃত্যু হয়েছে। আর দেশে এ পর্যন্ত মোট মৃত্যুর মধ্যে ঢাকায় শতকরা ৪৭ দশমিক ৮৩, চট্টগ্রামে ২৩ দশমিক ০১, খুলনায় ৭ দশমিক ৮৯, রাজশাহীতে ৬ দশমিক ৪৬, সিলেটে ৪ দশমিক ৭৪, রংপুরে ৪ দশমিক ০৩, বরিশালে ৩ দশমিক ৮৩ এবং ময়মনসিংহে ২ দশমিক ২১ ভাগ মৃত্যু হয়েছে।

এদিকে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দেশে করোনা শনাক্তের ১৬১তম দিনে স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৬৪৪ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদিন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২০ দশমিক ৫১ শতাংশ। এদিন অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত) নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৮০০টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ৬৪৪ জনের মধ্যে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ছিল ২০ দশমিক ৫১ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩৪ এবং হাসপাতাল ও বাসা মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১২ জন।

অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে গতকাল পর্যন্ত সর্বমোট ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি নমুনা পরীক্ষায় ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গড় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৫৯১ এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৩২ শতাংশ ও সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২৪ ও নারী ১০ জন। সর্বোচ্চ ১৬ জন মারা গেছেন ঢাকা বিভাগে। অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম ও খুলনায় ৭ জন করে, সিলেটে ২ এবং রাজশাহী ও রংপুরে ১ জন করে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মারা গেছেন ৩১ ও বাড়িতে ৩ জন। মৃতদের মধ্যে ৩১-৪০ বছরের ১, ৪১-৫০ বছরের ২, ৫১-৬০ বছরের ৯ এবং ষাটোর্ধ্ব বয়সী ২২ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৬৫ ও নারী ৭৬০ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৯ দশমিক ০৩ শতাংশ ও নারী ২০ দশমিক ৯৭ শতাংশ। আর বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৭৩৪ জন মৃত্যুবরণ করেছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ৮৩৪, খুলনায় ২৮৬, রাজশাহীতে ২৩৪, সিলেটে ১৭২, রংপুরে ১৪৬, বরিশালে ১৩৯ এবং ময়মনসিংহে সর্বনিম্ন ৮০ জন মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে ৭৩৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২০৯ জন। একই সময়ের মধ্যে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ১ হাজার ৯৫৪ জনকে। বর্তমানে সারা দেশে কোয়ারেন্টাইনে আছেন ৫২ হাজার ৮৫১ জন। ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে কল এসেছে ৫৩ হাজার ২০৬টি। এ সময় টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন ৩ হাজার ৯৩৭ জন। স্থল, সমুদ্র ও বিমানপথে ২৪ ঘণ্টায় দেশে প্রবেশ করেছেন ১ হাজার ৯৬২ জন, তাদের প্রত্যেককে স্ক্রিনিং করা হয়েছে।

কভিড হাসপাতালে খালি বেড ও আইসিইউর তথ্য : বুলেটিনে বলা হয়, ঢাকা মহানগরীর কভিড হাসপাতালগুলোতে ৭ হাজার ৬২টি সাধারণ বেডের মধ্যে খালি আছে ৪ হাজার ৮৪৪টি ও ৩০৫টি আইসিইউর মধ্যে খালি আছে ১০১টি। চট্টগ্রাম মহানগরীতে ৭৮২টি সাধারণ বেডের মধ্যে খালি আছে ৫২৮টি ও ৩৯টি আইসিইউর মধ্যে খালি আছে ২২টি। এর বাইরে দেশের অন্যান্য কভিড হাসপাতালে ৭ হাজার ৪৩৬টি সাধারণ বেডের মধ্যে খালি আছে ৫ হাজার ৫৪৪টি ও ১৯৯টি আইসিইউর মধ্যে খালি আছে ৯৫টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত