বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত এফডিসির হাত ধরেই দেশের চলচ্চিত্রে আবারও সুদিন ফিরবে উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত এফডিসির হাত ধরে এ দেশের চলচ্চিত্র শিল্প আবার তার স্বর্ণালি সময়ই ফিরে পাবে তা নয়, বিশ্ববাজারেও সম্মানজনক স্থান করে নেবে।’ গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী থাকাকালে সংসদে উত্থাপিত বিলের মাধ্যমে যে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রতিষ্ঠা করেন, তা বহু কালজয়ী সিনেমা ও গুণী শিল্পীর জন্ম দিয়েছে। এই সিনেমাগুলো আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা-পরবর্তী দেশ গড়তে ভূমিকা রেখেছে। আজ চলচ্চিত্র জগৎসহ সবাই সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার এই স্থাপনার হাত ধরে দেশের চলচ্চিত্রকে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেব।’
বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, বিএফডিসির পরিচালক আইয়ুব আলী প্রমুখ।
চলচ্চিত্র পরিবারের সভায় প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রতারকা রোজিনা, দিলারা, রিয়াজ, মৌসুমী, ওমর সানি, শাকিব, অনন্ত জলিল, অপু বিশ্বাস, নিপুণ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরসহ জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীবৃন্দ সভায় যোগ দেন।
এর আগে সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে বিএফডিসি প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তথ্যমন্ত্রী। পরে করপোরেশন ও চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিবৃন্দ জাতির পিতাকে স্মরণ করে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
