জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফেরাতে বিদেশি কূটনীতিকদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল রবিবার বিভিন্ন দেশের কূটনীতিকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল সভায় তিনি এ সহায়তা কামনা করেন।
বঙ্গবন্ধুর ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ওই সভায় ঢাকায় কর্মরত এবং দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ৮৩ জন হাইকমিশনার ও রাষ্ট্রদূত অংশ নেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সংযুক্ত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পাঁচজন খুনি এখনো পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক। আমরা এরই মধ্যে দুজনের অবস্থান জানতে পেরেছি। অন্যদের অবস্থান এখনো জানি না। এ সময় তিনি খুনিদের অবস্থান নির্ণয় ও দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার ক্ষেত্রে সহায়তা করতে সব বন্ধুরাষ্ট্রের প্রতি অনুরোধ জানান। মন্ত্রী আরও বলেন, আমরা ন্যায়বিচার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধুর বিচারের রায় কার্যকর করতে চাই। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এসব খুনিকে বিচারের আওতায় আনা হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচারের ব্যবস্থা করে।
সভায় আইনমন্ত্রী আনিসুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য রাখেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সূচনা বক্তব্য দেন। সভার শুরুতে অংশগ্রহণকারীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
