জনশক্তির দক্ষতা বৃদ্ধিসহ দেশের সামগ্রিক শিল্প খাতের উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) ও ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিডব্লিউসিসিআই) একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। গতকাল শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনপিওর সঙ্গে বিসিআই ও ডিডব্লিউসিসিআইয়ের মধ্যে দুটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
শিল্প সচিব কে এম আলী আজমের উপস্থিতিতে সমঝোতা স্মারকে এনপিওর পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার এবং বিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী ও ডিডব্লিউসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি নাজ ফারহানা আহমেদ স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী বিভিন্ন শিল্প খাতে নিযুক্ত জনশক্তির দক্ষতা বাড়াতে এনপিওর সঙ্গে বিসিআই ও ডিডব্লিউসিসিআই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার পাশাপাশি করণীয় নির্ধারণে সেমিনার ও সিম্পোজিয়াম আয়োজন করবে।
এতে আরও বলা হয়, তিন প্রতিষ্ঠান প্রতি বছরের ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন করবে। এনপিও প্রতি বছর ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদানের বিজ্ঞপ্তি যথাসময়ে বিসিআই ও ডিডব্লিউসিসিআইয়ের কার্যালয়ে পাঠাবে।
