অনুমতি ছাড়া নগরীতে শুভেচ্ছা ও অভিনন্দন সংবলিত বিভিন্ন স্থানে পোস্টার, ফেস্টুন ও ব্যানার টানালে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. খোরশেদ আলম সুজন।
তিনি বলেন, প্রশস্তি ও অযাচিত বন্দনা কখনো কখনো কর্তব্যচ্যূতির কারণ হয়ে দাঁড়ায়। তাই একজন মাঠের রাজনীতিক হিসেবে এ ব্যাপারে আমি সচেতন। ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া কেউ যদি এ রকম কোনো ব্যানার কিংবা পোস্টার নগরীতে লাগিয়ে সৌন্দর্যের হানি করেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এসব বলেন।
বিবৃতিতে বলা হয়, এখন থেকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। আমি মাঠ পর্যায়ের সক্রিয় রাজনীতিক হিসেবে সুখে-দুঃখে নগরবাসীর পাশে ছিলাম, আছি ও থাকব। প্রাণপ্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তার প্রতিদান দেওয়াটাই আমার একমাত্র ব্রত ও কর্তব্য। স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও সামর্থ্য উজাড় করে দিয়ে সিটি করপোরেশনকে গতিশীল, দায়িত্ব ও কর্তব্যে সচেতন করে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই। এ জন্য সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতাই কাম্য।
বিবৃতিতে খোরশেদ আলম সুজন নগরবাসীকে অনুরোধ জানিয়ে বলেন, ব্যানার কিংবা ফেস্টুন লাগিয়ে নগরীর প্রাকৃতিক সৌন্দর্যকে শ্রীহীন না করে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং মানবিক শহর গড়তে সবাই এগিয়ে আসবেন। সবাইকে একটি পরিচ্ছন্ন নগরী গড়তে সহায়তা করার সবিনয় অনুরোধ জানাচ্ছি।
