ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি দেশ রূপান্তরকে বিষয়টি জানান।
গত কয়েক দিন ধরে নুরের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। বিষয়টির সত্যতা জানতে চাওয়া হলে নুর বলেন, ‘ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সকলে চাচ্ছে আমি যেন ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হই। দেশে একটা অগণতান্ত্রিক পরিবেশ চলছে। ভোট থেকে মানুষ মুখ সরিয়ে নিয়েছে। সাধারণ মানুষকে আবারও ভোটমুখী করতে নির্বাচনে অংশ নেওয়ার আলোচনা হচ্ছে।’
আপনার কোনো নিবন্ধিত দল নেই সে ক্ষেত্রে স্বতন্ত্র নাকি অন্য কোনো দলের হয়ে নির্বাচন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। স্বতন্ত্র নির্বাচন করার সম্ভবনা বেশি। তবে পরিস্থিতি বিবেচনা করে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে অংশ নিতে পারি।’
উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।
