পাকিস্তান ক্রিকেট বোর্ডে বিদেশিদের পদায়ন করা নিয়ে দিন কয়েক আগে প্রধানমন্ত্রী ও সাবেক সতীর্থ ইমরান খানের চাঁছাছোলা সমালোচনা করেছিলেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।
তির্যক সেসব মন্তব্যের ন্যূনতম প্রতিক্রিয়াও দেখাননি ইমরান। এর মধ্যে ডিগবাজি দিয়ে দিলেন মিয়াঁদাদ! কিন্তু কেন? কারণ, মিয়াঁদাদের ভাতিজা ফয়সাল ইকবালকে পিসিবি’র ঘরোয়া একটি দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানসহ কারও সঙ্গে বাজে আচরণ করে থাকলে সে জন্য ক্ষমাও চেয়েছেন মিয়াঁদাদ, “আমি যদি কারও বিরুদ্ধাচরণ করে থাকি, তাহলে এ জন্য ক্ষমাপ্রার্থী। বিশেষ করে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে। আমি আসলে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের পারফরম্যান্সের পর ক্ষিপ্ত ছিলাম।”
“পাকিস্তান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে।”- যোগ করেন মিয়াঁদাদ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে ‘ধ্বংসাত্মক’ হস্তক্ষেপে ইমরানের কঠোর সমালোচনা করে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেছিলেন, “আপনি গুরুত্বপূর্ণ পদে বিদেশিদের নিয়োগ দিয়েছেন। দুর্নীতি করে সে যখন দেশ ছেড়ে যাবে তখন কী করবেন? আমাদের দেশে কী মানুষের অভাব যে, আপনাকে পিসিবি’র কাজের জন্য বিদেশ থেকে মানুষ আনতে হবে।”
““আমি আপনাকে সব সময় নেতৃত্ব দেওয়া একজন মানুষ। কিন্তু এখন আপনার কার্যকলাপ ঈশ্বরের মতো। ব্যাপারটা এমন যে, আপনিই কেবল দেশের একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। আর কেউ মনে হয় অক্সফোর্ড বা কেমব্রিজ বা পাকিস্তানের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যায়নি। মানুষের কথা একবার ভাবুন।”
