সৌদিতে আটকেপড়াদের আনবে বিমানের ২ বিশেষ ফ্লাইট

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০১:৫৮ এএম

করোনা পরিস্থিতিতে সৌদি আরবে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আরও দুটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান। আগামী ২৮ ও ২৯ আগস্ট ফ্লাইট দুটি সৌদির জেদ্দা এবং রিয়াদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিমান জানায়, আগে নিবন্ধিত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে এসব ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। ২৮ আগস্টের জেদ্দা-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য ইকোনমি ক্লাস ২২০০ ও বিজনেস ক্লাস ৩২০০ সৌদি রিয়াল। বিজনেস ক্লাসের যাত্রীরা ৫০ ও ইকোনমি ক্লাসের যাত্রীরা ৪০ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি করে হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন। ২৯ আগস্টের রিয়াদ-ঢাকা একমুখী ফ্লাইটের টিকিটের দাম ইকোনমি ক্লাস ২১৫০ ও বিজনেস ক্লাস ৩০০০ সৌদি রিয়াল। বিজনেস ক্লাসের যাত্রীরা ৫৫ ও ইকোনমি ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ এবং উভয় ক্লাসের যাত্রীরা ৭ কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন।

এদিকে ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট বাড়িয়েছে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স। আগামী ১ সেপ্টেম্বর থেকে এই রুটে সপ্তাহে দুটির পরিবর্তে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, করোনা পরিস্থিতিতে গত ১৬ আগস্ট থেকে তারা স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে আসছেন। বর্তমানে বৃহস্পতি ও রবিবার রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাচ্ছে। কুয়ালালামপুর থেকে সোম ও শুক্রবার স্থানীয় সময় রাত ৩টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসছে।

আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে কুয়ালালামপুরে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার এবং ২ সেপ্টেম্বর কুয়ালালামপুর থেকে ঢাকায় সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এই রুটে যাত্রী পরিবহন করা হচ্ছে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে গুয়াংজু রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করছে। আগামী ৩১ আগস্ট থেকে ঢাকা-দোহা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান কামরুল ইসলাম। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত