করোনা সংক্রমণের ধরন বুঝতে ভিন্নধর্মী এক গবেষণা শুরু করেছে জার্মানি। জনসমাগমস্থলে মহামারী এ ভাইরাস কত বেশি ছড়ায় সেটি দেখতে এক দিনে তিনটি পপ কনসার্টের আয়োজন করেছেন জার্মানির বিজ্ঞানীরা। মহামারীকালে এ ধরনের আয়োজন কীভাবে চালিয়ে নেওয়া যেতে পারে সে বিষয়ের পথ খুঁজতেই রিস্টার্ট-১৯ নামের ওই গবেষণা করা হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কিত এ গবেষণা করতে ১৮ থেকে ৫০ বছর বয়সী দেড় হাজার স্বাস্থ্যবান মানুষ অংশ নেন ওই ইনডোর কনসার্টগুলোতে। গবেষকরা অবশ্য আশা করেছিলেন তিনটি কনসার্টে অন্তত চার হাজার মানুষ অংশ নেবেন।
বিবিসির খবরে বলা হয়েছে, জার্মানির হ্যালে বিশ্ববিদ্যালয় কর্র্তৃক আয়োজিত ও লিপজিগে পরিচালিত গবেষণার এ আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেছেন খোদ গবেষকরা। গবেষক দলের প্রধান ড. স্টিফান মরিজ বলেন, ডেটা সংগ্রহ খুব ভালো চলছে। অংশগ্রহণকারীরাও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলেছেন।
তিনটি কনসার্টের প্রথমটিতে মহামারীর আগে যেভাবে কনসার্ট অনুষ্ঠিত হতো সেভাবে আয়োজন করা হয়। সেখানে কোনো সুরক্ষা ব্যবস্থা ছিল না। দ্বিতীয় কনসার্টে অল্প সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানা হয়। আর তৃতীয় কনসার্টটিতে দেড় মিটার সামাজিক দূরত্ব মানা হয়। কনসার্টে অংশ নেওয়ার আগেই সবারই করোনা পরীক্ষা করা হয়। এছাড়া তাদের মাস্ক দেওয়া ও প্রত্যেকের সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়।
সংগীতশিল্পী টিম বেন বেনডজকো বলেন, আয়োজনটি তার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, আমরা সত্যিই উপভোগ করেছি। প্রথমে ভেবেছিলাম মাস্ক পরার কারণে আয়োজনটি নিষ্ফল হবে। তবে মোটেও সেরকমটি হয়নি। আমি আশা করি এ ফলাফলগুলো দর্শকদের সামনে কনসার্ট আয়োজন করতে সহযোগিতা করবে।
বিবিসির খবরে বলা হয়েছে, এ গবেষণার প্রাথমিক ফলাফল পেতে অন্তত দুই মাস অপেক্ষা করতে হবে।
