স্ত্রী ও পুত্রসহ করোনায় আক্রান্ত হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। পরীক্ষায় ফলাফল পজিটিভ আসার পর গত শনিবার তার স্ত্রী ফিরোজা বেগমসহ ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি। দুজনের শারীরিক অবস্থা ভালো আছে বলে গতকাল রবিবার সাংবাদিকদের জানিয়েছেন সচিবের একান্ত সচিব (পিএস) মো. যুবায়ের।
গত ১৩ জুন রাতে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। পরে পরীক্ষায় জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
সচিবের পিএস বলেন, ‘কয়েক দিন ধরে উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। শনিবার সচিব স্যারের সঙ্গে তার স্ত্রী ও এক ছেলের ফলাফল পজিটিভ এসেছে। সচিব ও তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হলেও তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই, দ্জুনই স্টেবল আছেন।
২০১৯ সালের ৩০ ডিসেম্বর থেকে ধর্ম সচিবের দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম। নবম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ১৯৯১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ১৯৬২ সালের ২৯ সেপ্টেম্বর দিনাজপুরে জন্ম নেওয়া নূরুল ইসলাম বর্তমানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং রংপুর বিভাগ সমিতি, ঢাকা-এর সভাপতির দায়িত্বে আছেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
