চট্টগ্রামে বাড়ছে সুস্থতা কমছে শনাক্তের হার

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৭:৪৩ এএম

চট্টগ্রামে করোনা শনাক্তের হার কয়েকদিন ধরে নিম্নমুখী। পাশাপাশি বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩২ জনের পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ১০ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫১ জন। সুস্থতার হার ৬৯ দশমিক ৪১ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় ছিল ৬৯ দশমিক ২৪ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৯৪ জনের করোনা শনাক্তকরণের জন্য নমুনা পরীক্ষা করে নতুন ৩২ জনের পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ১০ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত চট্টগ্রামে ৭২ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৬ হাজার ৪৩৭ জন। শুরু থেকে গত শনিবার পর্যন্ত এ শনাক্তের হার ২২ দশমিক ৫৬ শতাংশ।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫১ জন। এ নিয়ে সর্বমোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৯৮ জন। এর আগে গত ২৩ জুলাই পর্যন্ত রোগী সুস্থ হয়েছিলেন মোট ৮ হাজার ৪৮৪ জন। অর্থাৎ ৩০ দিনের ব্যবধানে সুস্থ হয়েছেন দুই হাজার ৯১৪ জন। এর আগে গত ২৩ জুন পর্যন্ত রোগী সুস্থতার সংখ্যা ছিল ৬ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ এসেছে ৩২ জনের। এর আগের ২৪ ঘণ্টায় ৮৩, তার আগে ৮৯, তারও আগে শনাক্ত হয় ৯৭ জনের।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সুস্থতার হার বাড়ছে। বর্তমানে আক্রান্তের চাইতে সুস্থতার সংখ্যা বেশি। গত চারদিনে ২৯৭ জন সুস্থ হয়েছেন। শনাক্তের হারও নিম্নমুখী। তাই বলে ঝুঁকি কমেনি। বিভিন্ন দেশে দ্বিতীয় দফা সংক্রমণ শুরু হয়েছে তাই এটি প্রতিরোধে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। এ পর্যন্ত চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইন থেকে সুস্থ হয়েছেন ৮৬৯১ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২৭০৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ছিল ৬৯ দশমিক ৪১ শতাংশ।

হাসপাতালের চেয়ে হোম আইসোলেশনে থাকা রোগী বেশি সুস্থ হয়েছেন এ প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, হাসপাতালে এখন হয়তো রোগী কমেছে এমনকি শয্যাও খালি। কিন্তু কিছুদিন আগে ভর্তি নেয়নি। অনেকে সেবা পাননি, ভোগান্তি আর অনিয়মে হাসপাতাল বিমুখতার কারণে বাসায় আইসোলেশনে থেকেছেন। তাই যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের বিষয়ে সচেতন হতে হবে। তারা যেন চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন। তিনি আরও বলেন, মানুষ জ্বর-সর্দি হলে নিজেরাই আইসোলেশন মেনেছেন। ফলে সুস্থতা বেড়েছে। তবে সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষা বাড়ানো দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত