‘কোথাও কেউ নেই’সহ অনেক নাটকে অভিনয় করেছেন আবদুল কাদের। নিয়মিত দেখা যায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। তার নাতনিকে সম্প্রতি দেখা গেল ভারতীয় সরকারি বিজ্ঞাপনে।
রাজস্থান সরকারের করোনা জনসচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছে সিমরিন লুবাবা। বিজ্ঞাপনচিত্রটি এখন রাজ্যটির টেলিভিশন চ্যানেল ও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে।
প্রদীপ বি খাইরার পরিচালনায় লুবাবা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের কয়েকজন শিশুশিল্পী অংশ নিয়েছে।
এ নিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া লুবাবার ভাষ্য এমন, “আমি টিকটকের পাশাপাশি বিভিন্ন হিন্দি গানে পারফর্ম করে ফেসবুকে আপলোড করি। ‘তেরি মিট্টি’ নামের একটি হিন্দি গান মাঝখানে বেশ ভাইরাল হয়। সেটি কীভাবে যেন প্রদীপ আংকেলের চোখে পড়েছিল। তিনি ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপে আমার আরও কিছু কাজ চান। সেগুলো পাঠালে তিনি একটি তামিল ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ঝুঁকিপূর্ণ দৃশ্য থাকায় মা রাজি হননি। পরে এই বিজ্ঞাপনচিত্রটি করি।”
পরিচালক রামগোপাল ভার্মার প্রযোজনা প্রতিষ্ঠানের হেড অব প্রডাকশনের দায়িত্বে আছেন প্রদীপ। পাশাপাশি দক্ষিণ ভারতে ছবি প্রযোজনা ও পরিচালনা করেন।
লুবাবা ইংরেজি মাধ্যমের ছাত্রী। এর আগে একাধিক দেশি পণ্যের মডেল হয়েছেন।
