সুনামগঞ্জের ছাতক উপজেলার পীরপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত কালাম উদ্দিন (২৮) উপজেলার পীরপুর গ্রামের ছমির আলীর ছেলে। সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর গ্রামে ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে পীরপুর গ্রামের রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম আহমদ বাড়ির পাশে বাইসাইকেল চালাতে গেলে প্রতিবেশী নূর আলী ও আনোয়ার তাকে গালিগালাজ করেন। এ নিয়ে শিশু ফাহিম আহমদের চাচা কালাম উদ্দিন তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে নূর আলী ও আনোয়ারসহ প্রতিপক্ষের লোকজন কালাম উদ্দিনের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান কালাম উদ্দিন। ঘটনার খবর পেয়ে ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনায় জড়িত সন্দেহে নূর আলী, শাহ আলম ও আবুল হোসেন নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝগড়া থেকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।
