আজ থেকে পরীক্ষামূলকভাবে ব্যবসা প্রতিষ্ঠানে বসছে ইএফডি

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০১:৩৫ এএম

ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিক্রি থেকে ভ্যাট আদায়ে বিদ্যমান ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) মেশিন যথাযথ ভূমিকা রাখতে পারছে না বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। তাই পণ্য বিক্রিতে স্বচ্ছতা আনতে গত কয়েক বছর ধরেই ইসিআরের পরিবর্তে ইএফডি (ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস) বসানোর আলোচনা চলছে। বহু প্রতীক্ষা আর আলোচনার পর অবশেষে আজ থেকে পরীক্ষামূলকভাবে ব্যবসা প্রতিষ্ঠানে বসছে স্বয়ংক্রিয় হিসাবযন্ত্র ইএফডি (ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস)। ঢাকা ও চট্টগ্রামের ১০০টি ব্যবসা প্রতিষ্ঠানে এ যন্ত্রের কার্যক্রমে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এসব প্রতিষ্ঠানে সফল হলে কিংবা কোনো ত্রুটি দেখা দিলে তা সমাধান করে পরবর্তী সময়ে দেশব্যাপী নির্ধারিত ১ লাখ প্রতিষ্ঠানে ইএফডি যন্ত্র বসবে। এর পর ধীরে ধীরে পরিধি আরও বাড়ানো হবে।

ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রির স্বচ্ছতা আনতে ইসিআর বদলে ইএফডি মেশিন বসানোর বিষয়ে গত তিন বছর ধরেই আলোচনা চলছে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে নির্ধারিত প্রতিষ্ঠান চিহ্নিত করে সেখানে ইএফডি বসানোর ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু প্রস্তুতিতেই পার হয়ে গেছে দুই বছর। কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এই মেশিন সরবরাহ করা হবে, কী প্রক্রিয়ায় কিংবা সরবরাহ পরবর্তী সমস্যা সমাধানের উপায় কী হবে এসব বিষয়ে মতপার্থক্য এবং সিদ্ধান্তহীনতা প্রক্রিয়াটির বাস্তবায়ন পিছিয়ে দেয়। এর মধ্যে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হওয়া কিংবা না হওয়ার ইস্যুও ছিল।

অবশ্য দেরিতে হলেও সরকারের এমন উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন ব্যবসায়ী নেতাদের একটি অংশ। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ বলেন, এটি খুবই ভালো উদ্যোগ। আমরা ডিসিসিআইয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। এটা অনেকদিন ধরেই পরিকল্পনা করা হচ্ছিল কিন্তু বাস্তবায়ন করতে সমস্যা হচ্ছিল। ইএফডি মেশিন স্থাপন ইতিবাচক এবং এতে হয়রানিও কমবে। এর ফলে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার সুযোগ তৈরির পাশাপাশি করের আওতা বাড়ানোর যে কথা বলা হচ্ছে, তাও নিশ্চিত করা যাবে। অন্যদিকে ব্যবসায়ী ও এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে, তাও আর থাকবে না। ইএফডিতে টার্নওভারের ট্রাক রেকর্ড থাকবে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকঋণ প্রাপ্তিতে সহায়ক হবে। বর্তমানে এ ধরনের ব্যবস্থা সরকার যত চালু করতে পারবে, যেখানে স্বচ্ছতা আসবে, ডিজিটালাইজেশন আসবে ডিসিসিআই সব সময় তা স্বাগত জানাবে।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুরুতে এসব ইএফডি মেশিন ক্রয়মূল্যে ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহের কথা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় তা বিনামূল্যে দেওয়ার চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, এই কার্যক্রম সফল করার জন্য ইএফডি ব্যবস্থাপনা পদ্ধতিসহ (ইএফডিএমএস) পুরো প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে এনবিআর তা আনুষ্ঠানিকভাবে চালু করবে।

সরকার ব্যবসা  প্রতিষ্ঠানের হিসাবে স্বচ্ছতা আনতে ২০০৮ সালে উদ্যোগ নেয়। তখন ১১ ধরনের ব্যবসায়ে ইসিআর ও পয়েন্ট অব সেল্স (পিওএস) মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হলেও ওই উদ্যোগে তেমন সাফল্য মেলেনি। এরপর বিস্তৃত পরিসরে (২৫ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান) ইএফডি মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হয়।

ইএফডির বিশেষত্ব হলো, বিক্রির তথ্য ইএফডিতে সংরক্ষণ করলে তা স্বয়ংক্রিয়ভাবে এনবিআরে রক্ষিত কেন্দ্রীয় সার্ভারে (ইএফডিএমএস) সংযুক্ত হবে। ফলে বিক্রীত পণ্যের ভ্যাট এনবিআর জানতে পারবে। ইএফডিতে বিক্রির তথ্য দেওয়ার পর ভ্যাট ফাঁকি দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তারা। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন, কোনো বিক্রির তথ্য যদি ইএফডিতে না দিয়ে যদি নগদে লেনদেন করা হয় সেক্ষেত্রে এ পদ্ধতিতে ভ্যাট ফাঁকি ধরা সম্ভব হবে না। আর প্রতিটি লেনদেন পরীক্ষা করার কোনো ব্যবস্থা বাস্তবে সম্ভবও নয়। অবশ্য এক্ষেত্রে ক্রেতাকে উৎসাহিত করতে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্প অফিস কিছু উদ্যোগ নেবে বলে জানা গেছে। 

যে ২৫ ধরনের ব্যবসায় ইএফডি ব্যবহার হবে, সেগুলো হলো আবাসিক হোটেল ও রেস্তোরাঁ, ফাস্টফুডের দোকান, ডেকোরেটর ও ক্যাটারিং সেবা প্রদানকারী, মোটরগাড়ির গ্যারেজ, ওয়ার্কশপ, ডকইয়ার্ড, বিজ্ঞাপনী সংস্থা, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, কমিউনিটি সেন্টার, মিষ্টির দোকান, স্বর্ণকার, রৌপ্যকার এবং জুয়েলারি, আসবাবপত্রের বিক্রয়কেন্দ্র, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, বিউটি পার্লার, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, সামাজিক ও খেলাধুলাবিষয়ক ক্লাব, গার্মেন্টস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান, ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল গৃহস্থালি সামগ্রীর বিক্রয়কেন্দ্র, শপিং সেন্টার, শপিংমল, ডিপার্টমেন্ট স্টোর, জেনারেল স্টোর, সুপারশপ, অন্যান্য বড় ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান, যান্ত্রিক লন্ড্রি, সিনেমা হল, সিকিউরিটি সার্ভিস। অবশ্য এনবিআর চাইলে এর আওতা আরও বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত