নাটোরের নলডাঙ্গায় বন্যার পানিতে ডুবে মারা যাওয়া মদিনা খাতুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের গৌড়িপুর গ্রাম থেকে মৃত অবস্থায় এই শিশুটিকে উদ্ধার করা হয়।
মৃত মদিনা খাতুন (৭) একই গ্রামের মকসেদ আলীর মেয়ে।
এলাকাবাসী জানান, গত রবিবার দুপুরে উপজেলার খাজুরা ইউনিয়নের গৌড়িপুর গ্রামের মকসেদ আলীর যমজ দুই কন্যা শিশু মক্কা ও মদিনা বাড়ির পাশেই বন্যার পানিতে গোসল করতে নামে।
পরে মক্কা গোসল করে বাড়িতে ফিরে গেলেও আরেক মেয়ে মদিনা খাতুন বাড়ি ফিরে না আসলে অনেক খোজাঁখুঁজি শুরু করে পরিবারের স্বজনরা। অনেক খোঁজ করে না পেয়ে সোমবার পাশের জেলা নওগাঁর আত্রাই উপজেলা থেকে একদল ডুবুরি এনে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল ৭টার দিকে নিখোঁজের ২ দিন পর মৃত মদিনার মরদেহ পানিতে ভেসে উঠে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে শিশুটি গোসল করতে গিয়ে বন্যার পানিতে ডুবে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে শিশুটির মরদেহ পানিতে ভেসে উঠে।
