ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার রেকর্ডিং কর্মকর্তা (আরও) তেজগাঁও থানার তৎকালীন ওসি (বতর্মানে লালবাগ জোনের সহকারী কমিশনার) মো. সালাহউদ্দিনের বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। রাষ্ট্রপক্ষের ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। পরে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম আগামী ১০ সেপ্টেম্বর আসামিপক্ষের সাক্ষ্য ও আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ঠিক করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৫ সালের ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়িতে দীপিকার ঢাল এলাকায় বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে খুন হন ওয়াশিকুর। এরপর এলাকাবাসীর সহায়তায় পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে দুই মাদ্রাসাছাত্রকে আটক করে। ব্লগ ও ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লেখালেখি করায় ওয়াশিকুরকে হত্যা করা হয়েছে বলে পরে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম স্বীকার করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর ডিবি আদালতে অভিযোগপত্র জমা দেয়।
