অর্থ পাচার মামলা

ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতির দোষ স্বীকার

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০২:২৬ এএম

দুই হাজার কোটি টাকা অর্থ পাচার মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম। তিন দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার শামীমকে আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২২ আগস্ট এ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কাফরুল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রণপ কুমার এ তথ্য জানান। ২১ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল শামীমকে গ্রেপ্তার করে।

জানা যায়, দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের ঘটনায় সিআইডি ঢাকার কাফরুল থানায় একটি মামলা করে। সেই মামলায় গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পরে গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত