প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান কুশীলব

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০২:২৬ এএম

জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং হত্যাকাণ্ডকে উপহাস করাসহ ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের জন্য খালেদা জিয়াও ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সমান অপরাধী।’ শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া, এত বছর ধরে নানা জন্ম তারিখ ছিল তার। হঠাৎ ১৯৯৫ সালের ১৫ আগস্ট থেকে তিনি জন্মদিন পালন শুরু করলেন। বলা নেই কওয়া নেই হঠাৎ করে সেই দিন থেকে কেক কাটা শুরু করলেন। এগুলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে খালেদা জিয়াও অপরাধী।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান। তার স্ত্রী বেগম খালেদা জিয়া। তার ওপর যথাযথ সম্মান রেখেই বলতে চাই, আমি মনে করি জিয়াউর রহমান যেমন অপরাধী, খালেদা জিয়াও হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য তেমনি অপরাধী।’

মন্ত্রী বলেন, ‘এই কারণে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান, তার যেমন মুখোশ উন্মোচন করা প্রয়োজন, তেমনি হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, হত্যাকাণ্ডকে উপহাস করা, ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করাএসবের জন্য খালেদা জিয়ারও বিচার হওয়া প্রয়োজন। এটি সময়ের দাবি।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গ্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর নাতি পরশ ভাসানী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু, প্রগতিশীল ন্যাপের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত