বঙ্গবন্ধুর খুনিদের ধরে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন হলেও যারা নেপথ্যে ছিল আমরা তাদের বিচার সম্পন্ন করতে পারিনি। ইতিমধ্যে বঙ্গবন্ধুর কয়েকজন হত্যাকারীকে দেশের বাইরে থেকেও নিয়ে আসা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি মৎস্য অধিদপ্তরের কিছু অনিয়মের একটি খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই খবরটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, যার প্রতিবাদ দেওয়া হয়েছে। তারপরও যদি কোথাও কোনো অনিয়ম থেকে থাকে আমরা খতিয়ে দেখব এবং নিশ্চয় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, এবারের বন্যায় মোট ৪০ জেলা বন্যা প্লাবিত হয়েছিল। বর্তমানে সব জায়গার পানি নেমে গেছে এবং নদীর পানিও বিপদসীমার নিচে রয়েছে। ইতিমধ্যে ডি ফরম পূরণের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকাও আমরা হাতে পেয়েছি। সেই তালিকা নিয়ে আন্তঃমন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় তাদের ক্ষয়ক্ষতির ভিত্তিতে কে কীভাবে কাজ করবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া ৩১ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর নির্দেশে আগের মতো খাদ্য সহযোগিতা অব্যাহত থাকবে।
