দশে মিলে কাজ করলে যে সফলতা আসে তার প্রমাণ দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা দুই কিলোমিটার রাস্তা সংস্কার করে গ্রামবাসীর চলাচলের উপযোগী করেছেন।
জানা গেছে, চলতি বছরের শুরুতে বংশীনগর গ্রামের ৬৫ জন তরুণ মিলে প্রতিষ্ঠা করেন বংশীনগর ফ্রেন্ডস ক্লাব। এই ক্লাব প্রতিষ্ঠার পেছনে তাদের কিছু উদ্দেশ্য রয়েছে। আর তা হলো এলাকার তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা এবং সামাজিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করা।
সম্প্রতি তাদের নজরে আসে বংশীনগর-তক্তাচালা সড়কের সঙ্গে সংযোগকৃত বংশীনগর ফরেস্ট অফিস থেকে বংশীনগর উচ্চবিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা চলতি বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সম্প্রতি ক্লাবের তরুণরা উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার করেন।
বংশীনগর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম টিটু বলেন, গ্রামের তরুণরা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য কাজ করে যাচ্ছে।
